উর্বশী তোমার জন্যা

উর্বশী তোমার জন্য

- উষসী

উর্বশী তোমার জন্য
এনেছিলাম রঙ্গন ফুল
গোলাপে কাঁটা আছে
চাইনি তোমার গায়ে কাঁটার আঁচড় লাগুক ।

রিকশা থেকে নেমে দূর থেকে তোমায় দেখলাম
আমাদের একসাথে পথচলা শুরুর প্রথম দেখা সেদিন
ডিসি হিলে বসা তুমি আমার অপেক্ষায়
আকাশ থেকে বৃষ্টি পড়ছে ফোঁটায় ফোঁটায়
তোমায় আমায় ভিজাবে বলে - প্রিয় উর্বশী ।

আজও চোখে ভাসে তোমার আমার প্রথম দেখা হওয়ার দিন
বন্ধুকে সারপ্রাইজ দেবো বলে, না বলেই তার বাসায় যাচ্ছিলাম
সিঁড়ি দিয়ে উঠছি
পৌঁছানোর আগেই দেখি, বন্ধু বন্ধুপত্নীসহ তুমি নামছো সিঁড়ি দিয়ে
সেখানেই মুখোমুখি
এক পলক চোখাচোখি
আর সাদামাটা চেহারার তোমাকেই আমার কাছে অপ্সরীর মতো লাগছিল ।
সেই প্রথম দেখাতেই তোমার জন্য মনের মধ্যে একটা টান অনুভব করছিলাম
শুধু তোমারই জন্য - প্রিয় উর্বশী।

বন্ধু পরিচয় করালো - বন্ধুপত্নীর দূরসম্পর্কের বোন তুমি
উর্বশী নাম
চারজন মিলে ঘুরাঘুরি শেষে তোমায় হোস্টেলে পৌঁছে দিলাম
ঐদিনই তোমায় খুঁজে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম
প্রোফাইলে আমার ছবি ছিলোনা - তুমিও আমায় চিনলে না
থেকে গেলে অস্পৃশ্য হয়ে - প্রিয় উর্বশী।

এরপর কেটে গেছে ৫ মাস
আমি রয়েছি অপেক্ষায় - তৃষ্ণার্ত কাকের মতো
কখন নোটিফিকেশন পাবো - "Urboshi Roy has accepted your friend request."

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত নোটিফিকেশন পেলাম
মেসেজ দিলাম - কেমন আছো? এখনো কি আগের হোস্টেলে থাকো?
সাথে সাথে উত্তর এলো - কে আপনি?

বুঝলাম উন্মেষ সাহা নামে তোমার সাথে পরিচয় হয়নি
তাই চিনতে পারোনি
ডাকনাম আয়ুশ নামেই তোমার সাথে পরিচয়
তখন তোমার অবাক করা চেহারা চোখের সামনে ভাসতেই
আপনাআপনি হাসি ফুটলো মুখে
পরিচয় না দিয়ে তোমার কৌতূহল বাড়িয়ে দিলাম
তারপর ঠিক চিনে নিলে
রোজ কথার পিঠে কথা - তোমার মেসেজের অপেক্ষা
বুঝলাম বড্ড তোমাতে বুঁদ হয়ে গেছি - হয়তোবা তুমিও।

রাত ১০ টা - অভিমান করেছো
অভিমান ভাঙাতে পারছিনা কোনোভাবেই
তখন যা হবার হবে ভেবে মেসেজ দিয়েই দিলাম - তপুর সেই লাইন:
"বলবো না আকাশের চাঁদ এনে দেবো
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি, দেবে কি পাড়ি
হোক যত ঝড়-বন্যা?
আমার ছোট তরী, বলো, যাবে কি?"

ওপাশে নীরব
আমিও নাছোড়বান্দা
হ্যাঁ না উত্তর না পেলে আমিও পিছু ছাড়বো না।

অবশেষে উত্তর এলো
জীবন তোমার সাথে বাধা পড়ে গেলো
আর হাতে রঙ্গন নিয়ে দ্বিতীয় দেখা ডিসি হিলে।

আমার চাকরি হলো
তোমার অনার্স শেষ হলো
বিয়েটাও হয়েই গেলো
এখন তোমার আমার লাল নীল সুখের সংসার।

মান অভিমান ঝগড়া অমিল সব মিলিয়ে দিব্যি ভালো আছি
এখনো সেই আগের মতো
তোমায় বড্ড ভালবাসি
বিধাতার থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার
তুমি - প্রিয় উর্বশী।

জানো উর্বশী,
তোমার জন্য
শুধু তোমার জন্য
জীবন আমি রাখতে পারি বাজি।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।