প্রিয় উৎসুকা

প্রিয় উৎসুক

- উষসী

প্রিয় উৎসুক,

কত বছর পর তোমার সাথে দেখা
তুমি চা খেয়ে দোকান থেকে বেড়োচ্ছো
আর আমি দোকানের বাইরে দাঁড়িয়ে বন্ধুর অপেক্ষায়
একবার চোখাচোখি হলো
দুজনেই চোখ নামিয়ে চলে গেলাম যে যার গন্তব্যে।

তুমি কি জানো,
সেদিন তোমার নাম লিখে ফেসবুকে তোমায় খুঁজেছি, তোমার প্রোফাইলে চেয়ে ছিলাম অনেকক্ষণ।।

এরপর কেটে গেছে আরো দুটি বছর......

হঠাৎ একদিন আবার দেখা হলো দুজনার
তুমি সন্ধ্যায় রাস্তায় হাঁটতে বের হয়েছো
আমি গাড়ি করে যাচ্ছি সে রাস্তা দিয়ে
আবার চোখাচোখি হলো আগের মতো
তবে এবার তোমার চোখে দেখলাম বিস্ময়
আগেরবারের মতো নির্লিপ্ততা নেই
আর মুখে এক চিলতে হাসি
আমিও অবাক চোখে তোমার দিকে তাকিয়ে রইলাম যতক্ষণ তোমায় দেখা যায়।।

মাস পাঁচেক পরে আবার দেখা হলো
তবে এবারের দেখা আগেরবারের চাইতে আলাদা
আমি টমটমে করে বাড়ি ফিরছি
যাত্রী আমি একাই
তুমি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে
সেই মুহূর্তেই আমার টমটম এসে থামলো ঠিক তোমার সামনে
তুমি সিটে বসে পাশে তাকাতেই দেখলে যাত্রী আর কেউ নয় - আমি
আমি সাহস করে শুধালাম, কেমন আছো তুমি?
বৌদি কেমন আছে?
তুমি এক বাক্যে শান্ত শীতল গলায় উত্তর দিলে, ভালো আছি।
আড়চোখে আমি তোমায় দেখছিলাম একটুও বদলাওনি তুমি
আছো ঠিক আগের মতই।।

গন্তব্যে পৌঁছানোর আগেই তুমি নেমে গেলে মাঝ রাস্তায়
আর আমি একা চললাম নিজের গন্তব্যে
ফেলে আসা পুরোনো স্মৃতিদের সঙ্গী করে।।

জানো,
সেদিন শুধু তোমার কথাই ভেবেছি সারাক্ষণ
বারবার পুরোনো দিনগুলোতে ফিরে গেছি
ভুলে যাচ্ছিলাম তুমি বিবাহিত
তোমাকে নিয়ে ভাবা যে বড় পাপ
কিন্তু অবুঝ মন কি আর এতো কিছু বুঝে
জানিনা সেই টানেই কিনা আবার দেখা হলো একদিন পর
এবারও আমি গাড়িতে আর তুমি রাস্তা পার হবার জন্য দাঁড়িয়ে
তোমায় দেখতে পেয়ে আপনাআপনি হাসি ফুটলো মুখে
তুমিও আমায় দেখে মুচকি হাসি দিলে।।

এরপর প্রায়ই তোমায় দেখতে পাই রাস্তার চায়ের দোকানে
যে রাস্তা দিয়ে আমি রোজ বাড়ি ফিরি
দোকানের বাইরে বসা, হাতে মোবাইল।।

আমার খুব জানতে ইচ্ছে হয়, অধিকার নেই তবু মন জানতে চায়,
কখনো অবচেতন মনে তুমি কি আমার কথা ভাবো
হারিয়ে ফেলা পুরোনো দিনে তুমিও কি ফিরে যাও
আমার কথা ভেবে কি দীর্ঘশ্বাস ফেলো - আমার মতো।।

নিজের দোষে তোমায় পেয়েও হারিয়ে ফেলেছি
যে আমি তোমার যত্নে বিরক্ত হয়ে ছেড়ে এসেছি
সেই আমি এখন তোমার যত্নের জন্য হাহাকার করি
কিন্তু তুমি এখন অন্য কারোর
আর আমি একা, নিঃসঙ্গ।।

সেই পংক্তির মতো -
এই পৃথিবীতে একই আকাশের নিচে আমাদের বসবাস অথচ দূরত্ব আমাদের যেন শতসহস্র কোটি মাইলের লম্বা এক বিচ্ছেদ ঘটিয়েছে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।