রক্তচোষার কারবার
- মোঃ আবু তালেব
চাল-ডাল লুট-পাট, তেল-নুন ছিনতাই,
দিন কাটে উপবাসে, ঘরে ঘরে ভাত নাই!
শাক-পাতা ছোঁয়া দায়, দাম বাড়ে হু-হু করে,
হাত কাঁপে পকেটেতে, সাধারণ লোক মরে!
ধার করে চাল কেনে, রক্ত যে চুষে খায়,
পাতে নেই ভাত -রুটি, মন জ্বলে হতাশায়!
লুটেরার দল আজ, চুষে নেয় অধিকার,
ভেঙে পড়ে জনগণ , চারিপাশে হাহাকার!
ম্যাজিস্ট্রেট গেলে পর, হাসে ওই ডাকাতেরা,
লুটপাটে ভাগ পায়, গদিতে যে চামচারা!
ক্যামেরায় ভাঁড়ামি, মেলে না কো সুবিচার,
জরিমানা নাটকেতে, বাড়ে ফাঁকি বারবার!
ক্ষুধার্ত জনতার, জ্বলে ওঠে বুক আজ,
ভেঙে দিতে হবে ওই, শোষকের গদি-তাজ!
দেয়ালে ঠেকেছে পিঠ, বুকভরা হাহাকার,
ভেঙে চুরমার হবে, শোষকের ব্যভিচার!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।