অপেক্ষার ওপারে তুমি

অপেক্ষার ওপারে তুমি

- ফাহমিদা আক্তার অর্ষা

জানো, আজকাল বড্ড ভয় হয়—
কী এক অজানা আশঙ্কায় হৃদয় কেঁপে রয়।
যে মানুষটিকে ঘিরে কত স্বপ্ন বুনেছি মনে,
সে আজ কেমন আছে, জানি না কোনো ক্ষণে!

শুনেছি, অসুখের কাছে নত হয়েছে তার দেহ,
অথচ তার খবরটুকুও নেওয়ার নেই কোনো উপায়।
যার একটি বার্তা পেতে ব্যাকুল থাকতাম প্রতিক্ষণ,
আজ তার নীরবতাই কেড়ে নেয় আমার সারাক্ষণ।

কিছুদিন আগেও ছিলে কতটা কাছের,
আজ হারিয়ে গেছ অচেনা দূরত্বের ওপারে।
নিজের সব ঠিকানা মুছে দিয়েছ এমন করে,
যেন আমার কোনো বার্তা না পৌঁছায় তোমার ঘরে।

অভিমান করেছ, নাকি চেয়েছ ভুলে যেতে?
কোনো উত্তর নেই আজ আমার প্রশ্নের খাতাতে।
তবু তোমার সুস্থতার প্রার্থনা থামে না কোনো ক্ষণে,
অজান্তেই তোমার মঙ্গল চেয়ে যাই গোপনে।

জানি না, এ বিচ্ছেদই শেষ অধ্যায় হবে কি না,
নাকি কোনো একদিন ফিরবে হারানো চেনা ঠিকানা।
তুমি কি সত্যিই হারাবে কালের অতল গহ্বরে,
নাকি আবার দেখা হবে কোনো অচেনা প্রহরে?

আমি তো আজও দাঁড়িয়ে আছি অনিশ্চয়তার দ্বারে,
এক বুক না-বলা কথা জমিয়ে রেখেছি তোমার তরে।
পাওয়া-না-পাওয়ার হিসাব আজ থাকুক সময়ের হাতে,
শুধু তুমি সুস্থ থেকো—এই প্রার্থনা প্রতিটি রাতে।

হয়তো কোনোদিন আর হবে না কথা,
হয়তো অপূর্ণই রয়ে যাবে মনের ব্যাকুলতা।
তবু কিছু মানুষ হারিয়েও হারায় না জীবনে,
তারা বেঁচে থাকে নীরব অপেক্ষার প্রতিটি স্পন্দনে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।