কত মানুষকে ভালোবেসেছি—
বেদনার হিম-দীর্ঘশ্বাসে আমি কেঁপে ওঠে
কত মানুষকে কম্বলের মতো জড়িয়েছি
আবেগের দুগ্ধ-কোমল অনুভবে,
তাদের হৃদয়ের উষ্ণ অনুরাগ পেতে।
কত চোখের মায়াবী দৃষ্টির চিত্রকলা—
সযত্নে খনন করে দেখেছি
বুকের গহীনের নগরীর ধ্বংসাবশেষ;
চেহারার ভাঁজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি
লুকিয়ে রাখা বিষণ্নতা, বেদনাবিধুর ব্যথা।
কতকের অজানা কান্নায় নিজের বুক ভিজিয়েছি,
তাদের নিঃশব্দ প্রার্থনায় আমার বুকে নির্মাণ করেছি
পৃথিবীর প্রথম মন্দির— গোবেকলি তেপে।
তবুও এই চব্বিশ বছরের জীবনে পাইনি
এমন একজন মানুষ,
যে আমার ক্লান্ত চোখে তাকিয়ে বুঝবে—
আজ আমারও একটু যত্ন দরকার।
চেয়েছিলাম ইমোজির মাপে ভালোবাসা মাপতে,
কী-বোর্ডের অক্ষরে খুঁজেছি নির্মল স্নেহ;
অন্তহীন স্ক্রলিংয়ের ভিড়ে ভুলতে চেয়েছি
যত্নহীন দিনের মলিনতা।
তবু স্বপ্ন-আশা অপেক্ষায় আছে
কোনো এক নোটিফিকেশনের—
যেখানে চিঠির গন্ধে মিশে থাকবে
প্রেমময় এক পূর্ণাঙ্গ জীবন,
বৃষ্টিভেজা বিকেলের নরম স্পর্শ।
আমি আজও খুঁজে ফিরি সেই মানুষটিকে—
যে আমার না বলা কথাগুলো
শুনে ফেলবে বাতাসের ভাঁজে,
যে আমার নীরবতা বুঝে নেবে নিঃশব্দে,
যে আমার ভেতরের ক্লান্তিকে আলতো ছুঁয়ে বলবে:
“তুমি ক্লান্ত, এসো, একটু বিশ্রাম নাও।”
যদিও সে বয়সে ষাট বছরেরও হয়—
তবুও আমি তাকে নিয়েই পৃথিবীর
সবচেয়ে সুখী মানুষ হতে পারতাম।
কারণ ভালোবাসা বয়স চেনে না,
যত্নও চেনে না সময়ের সীমানা।
যত্ন মানে— কাউকে আগলে রাখা সন্তর্পণে,
খুব গোপনে;
যেমন আকাশ আগলে রাখে তারাদের।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।