আমি বলছি না-
আমাকে অনেক বেশি ভালবাসতে হবে,
বলছি না আমাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে,
আমাকে স্বপ্ন দেখাতে হবে।
আমি বলছি না-
আমার সব খুটিনাটি বিষয়গুলো
কাউকে খুব করে খেয়াল রাখতে হবে।
আমি আমার অভ্যাস এবং আমাকে
খুব ভালো করেই সামলে নিতে পারি।
আমি শুধু বলছি-
আমার এমন একজন মানুষ হোক,
যার হাতে হাত রেখে
আমি একটুখানি ভরসা পেতে পারি।
নাহ্, ওষ্ঠে কম্পমান -
প্রেমিকের অস্ফুট আবেগ আমি চাইছি না।
চাইছি না প্রেয়সির অবয়ব জুড়ে ধাবমান
শরীরের শিরশির ব্যকুল অনুভূতি।
আমি শুধু চাইছি-
আমার এমন একজন বন্ধু হোক,
বেঁচে থাকার সন্ধি হোক,
যে আমাকে ভালোবেসে
খুব যত্ন করে গুছিয়ে দেবে।
যে আমাকে আগলে নেবে
অনেক বেশি কোলাহলে।
পেছন ফিরে ডেকে নেবে
চলতি পথে পিছিয়ে গেলে।
আমি শুধু চাইছি-
আমার এমন একজন বন্ধু হোক,
যাকে ভেবে বাড়ি ফেরার ইচ্ছা হবে।
স্বপ্ন ভাঙার ঘূর্ণিপাকে
যখন বাঁচার ইচ্ছা হারিয়ে যাবে-
তখন ছিন্ন-ভিন্ন, ভাঙাচোরা,
এলোমেলো এই আমিকে
যে শক্ত করে জড়িয়ে ধরে
নিজের কাছে জমা রাখবে।
আমি শুধু চাইছি-
আমার এমন একজন বন্ধু হোক।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।