Gandham in Every Home

Gandham in Every Home

- দরবেশ আল আমিন

গন্ধম সে তো নয় শুধু একটিমাত্র ফল,
যা খেয়ে আদমের হলো ধরণীতে আগমন;
গন্ধম দিয়ে বিধাতা যেমন নিয়েছিলেন পরীক্ষা, আজও তা রূপ পাল্টে পৃথিবীতে করে চলেছে নিরীক্ষা।

ধনীরা আরও ধনী হতে চায়, নেই কোনো তার সীমা,
গরিবের শ্রম-ঘাম কিনে গড়ে বিত্তের মহিমা।
দিনমজুরেরা রক্ত ঝরিয়েও পায় না ন্যায্য অধিকার,
প্রতিবাদ করলে জ্বলে-পুড়ে মরে, শোনে না কেউ হাহাকার।
অর্থের মোহে বিবেক বেচে করছো কত ছল,
ভেবে দেখো তো—এ-ই কি তবে এ যুগের গন্ধম ফল?

টাকার জোরে মিথ্যের জয়, সত্য হচ্ছে বিক্রি,
ঘুষের বদলে বিকোয় মেধা, অযোগ্যরা পায় চাকরি।
মামলা-মোকদ্দমায় টাকার খেলায় নিপীড়িত হয় জাতি,
নির্দোষ মানুষ কারাগারে পচে, দোষীরা ওড়ায় বাতি।
ধর্ষিতা আজ পায় না বিচার, আত্মহত্যাই তার পথ,
অথচ দাপটে ঘুরে বেড়ায় সমাজের ওই পাপিষ্ঠ রথ।

কঠোর শ্রমে যে চেয়ারখানা তুমি করলে আজ অর্জন,
ক্ষমতা পেয়েই মুহূর্তে কেন করলে শিকড় বর্জন?
যে পিতা তোমায় মানুষ করলেন, আজ সে তোমার বোঝা,
উপরতলায় তেল মেরে চলো, কেবল নিজের স্বার্থ খোঁজা।
অসহায়ের হক মেরে নিয়ে মেটাও মনের ক্ষুধা,
একদিন তোমায় হিসাব দিতে হবে, থাকবে না কোনো সুধা।

ভালোবাসা আজ পণ্য হয়েছে, নেই পবিত্রতার রেশ,
উঠতি বয়সে মত্ত সবে, হারাচ্ছে আপন বেশ।
ঘরে থাকা সত্ত্বেও জীবনসঙ্গী, পরকীয়ায় মাতে মন,
ক্ষণিকের মোহে নষ্ট হচ্ছে সাজানো সংসার-জীবন।
প্রেমের নামে চলছে ছলনা, নেই কোনো অনুতাপ,
গন্ধম গিলে হাসছে সবাই, বাড়ছে শুধুই পাপ।

সাদা পোশাক আর টুপি পরে আজ সেজেছো বড় হাজী,
অতীতে তুমিই সুদের কারবারে ধরেছিলে কত বাজি!
মুখে শুধু সততার বুলি, অন্তরে ভরা বিষ,
ধর্মের নামে ভণ্ডামি করে তুলছো নিজের শিস।

জ্ঞান অর্জনে নেই কোনো মন, সনদই কেবল সার,
কাগজের জোরেই খুঁজছো সমাজে মিথ্যে অহংকার।
চিকিৎসা আজ সেবার বদলে হয়েছে ব্যবসার ফাঁদ,
গরিবের পকেট কেটে নিচ্ছো, দেখছো না আর্তনাদ।
লক্ষ টাকার বেতন পেয়েও লুটছো সাধারণের ধন,
সামান্য স্বার্থে বিক্রি করছো নিজের বিবেক-মন।

জমির লোভে ছোট ভাই আজ মারছে আপন ভাইকে,
সম্পত্তির ভাগে ঠকাচ্ছে সবাই, মানছে না ন্যায়কে।
খাদ্যে ভেজাল মিশিয়ে তুমি লুটছো অধিক লাভ,
মানুষের প্রাণ বিপন্ন করে দেখাচ্ছো কী স্বভাব!
শালীনতা আজ নির্বাসনে, নগ্নতাই যেন ফ্যাশন,
সস্তা জনপ্রিয়তার মোহে ভুলেছো নিজের আসন।

গন্ধম আজ ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
মানুষ আজ বন্দি হয়ে আছে লোভ আর পাপের ফন্দিতে।
সময় থাকতে ফিরে এসো ভাই, চিনে নাও সঠিক পথ,
নতুবা এই গন্ধমই ডেকে আনবে ধ্বংসের রথ।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।