তোমার সঙ্গে দেখা হলে

তোমার সঙ্গে দেখা হলে

- সুনীল গঙ্গোপাধ্যায়

তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম
তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন ?
দেশ তোমাকে কী দেবে ?
দেশ কি ঈশ্বরের মতন কিছু ?
তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম
গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে ?
দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা ?
বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে,
তাদের বুঝি দেশ নেই ?
তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম
তুমি কী করে জানলে, আমি তোমার শত্রু ?
কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে ?
এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয় !


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।