খুন হয়েছে স্নিগ্ধ সকাল
মিষ্টি বিকেল
কল্পলোকের ছবি
খুন হয়েছে সত্যবাদী
বিদ্রোহী সেই কবি।
খুন হয়েছে অগ্নি মিছিল
ক্লান্ত দুপুর
স্বপ্ন রঙ্গিন সুখ
খুন হয়েছে ইতিহাসের
গর্বিত সেই বুক।
খুন হয়েছে আকাশ পাড়ার
হাজার তারা
নদীর বুকের ঢেউ
খুন হয়েছে আলোর জ্যোতি
ভাবতে পারিস কেউ ?
খুন হয়েছে আবেগ মাখা
মা জননীর
মুষ্টিবদ্ধ হাত
খুন হয়েছে বৃষ্টিস্নাত
একটি গভীর রাত।
খুন হয়েছে ফুলের বাগান
বাবার শাসন
বেঁচে থাকার দিন
খুন হয়েছে তোর চেতনা
ভুলিয়ে দিতে ঋণ।
খুন হয়েছে নাব্যগীতি
সুখের প্রীতি
স্রোতে ভাসা ঝড়
খুন হয়েছে এই অধমের
বুকের ছোট্ট ঘর।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।