শরৎ এর আগমন

শরৎ এর আগমন

- পুলক সরকার দীপ্ত

— ৮ অক্টোবর, ২০২১

শরৎ এর হাওয়া বড়োই যে মধুর,
লাগে দোলা প্রাণে।
চারি দিকেই প্রকৃতির সাজ
বাতাস বহে ঘ্রাণে।

মেঘের ভেলায় শরৎ আসে
ফুটেছে কাশফুল,
তুমিও সেথায় যাইও বন্ধু
কইরো নাকো ভুল।

সুপ্রভাতে পড়বে শিশির,
সবুজ সবুজ ঘাসে,
শরৎ এর কি অপরূপ লীলা
দেখবে সবাই এসে।

শিউলি ঝরা ভোরের আলোয়
মিষ্টি রোদের খেলা,
প্রকৃতি যেন সাজিয়ে তোলে
রূপের নতুন মেলা।

নদীর কূলে বাতাস দোলে
সাদা কাশের বনে,
গাঙচিলেরা ডানা মেলে
উড়ে যায় আনমনে।

দিঘির জলে পদ্ম হাসে
মেলে আপন ডানা,
নীল আকাশে সাদা মেঘের
নেই তো কোনো মানা।

গোধূলি বেলায় আকাশজুড়ে
রাঙা আলোর খেলা,
সন্ধ্যা নেমে শান্ত করে
ক্লান্ত দিনের মেলা।

রাতের আকাশে চাঁদের হাসি
জ্যোৎস্নামাখা রাত,
শরৎ আমাদের বাড়িয়ে দেয়
স্নিগ্ধ আশার হাত।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।