স্বপ্নের বন্ধকনামা

স্বপ্নের বন্ধকনামা

- ফাহমিদা আক্তার অর্ষা

মনে প্রশ্নের শেষ নেই, অস্থিরতা বাড়ে দিনকে দিন,
হাজারো ভাবনার ভিড়ে হারিয়ে যায় মনের রঙিন ঋণ।
কিছু স্বপ্ন জন্ম নেয়, সামর্থ্যের সীমানা ছাড়িয়ে,
কিছু স্বপ্ন মুখ লুকোয় বাস্তবতার দেয়ালে মাথা ঠেকিয়ে।

সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাই পৃথিবীতে,
কারও ভাগ্য লেখা থাকে না রাজপ্রাসাদের লিপিতে।
কারও শৈশব কাটে অভাবের সঙ্গে সন্ধি করে,
কারও কৈশোর হারিয়ে যায় হিসাবের খাতা ভরে।

একদিকে স্বপ্নের আকাশ, অন্যদিকে সাধ্যের বেড়া,
ইচ্ছেগুলো বন্দি থাকে বাস্তবতার কঠিন ঘেরা।
পড়াশোনার ব্যয়, জীবনের নিত্য প্রয়োজন,
সবকিছুর মাঝেই চাপা পড়ে কত আকাঙ্ক্ষার আয়োজন।

কিছু মুখে হাসি থাকে, অন্তরে জমে দীর্ঘশ্বাস,
কিছু চোখে স্বপ্ন থাকে, তবু মেলে না আশার আকাশ।
ঋণের ভারে নুয়ে পড়ে কত সংসারের মেরুদণ্ড,
নীরব দীর্ঘশ্বাসে প্রতিদিন ক্ষয়ে যায় কত স্বপ্নের খণ্ড।

তারা চায় না বিলাসিতা, চায় না প্রাসাদের অধিকার,
শুধু চায় স্বপ্নগুলো পাক বেঁচে থাকার উপহার।
চায় না কারও করুণা, চায় না অনুগ্রহের দান,
নিজের যোগ্যতায় গড়তে চায় একটুখানি সম্মান।

অথচ সমাজ কি বোঝে তাদের নীরব আর্তনাদ?
কত সম্ভাবনা ঝরে যায়, পায় না কেউ তার সংবাদ।
কত মেধা হারিয়ে যায় সামর্থ্যের কাছে হেরে,
কত স্বপ্ন অসমাপ্ত থাকে বাস্তবতার ভার বয়ে।

তবু তারা স্বপ্ন দেখে, আঁধার পেরিয়ে আলোর আশায়,
হাজারো বাধার মাঝেও নতুন ভোরের প্রত্যাশায়।
কারণ তারা জানে, জন্ম শুধু বেঁচে থাকার নাম নয়,
সাধ্যের সীমা পেরিয়ে নিজের পরিচয় গড়ারও সময়।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।