আমি বেশ ভালো আছি। এই বলেই মনেমনে ভাবলাম— "ইচ্ছা করলে তো আরো বেশি ভালো থাকা যায়!"
একদল লোক আমাকে বললো: "বাহ্! তুমি তো বেশ ভালো। মানুষ অনেক খারাপ। পুকুরের মাছ তারা চুরি করে খায়।"
আমি লতায় আটকা পড়া একটি হরিণকে লতা থেকে মুক্ত করে গভীর অরণ্যে ছেড়ে দেওয়ার পর আবারো একদল লোক আমাকে বললো: "পেটে ক্ষুধা তবুও হরিণটিকে ছেড়ে দিলে। বাহ! তুমিতো দেখছি খুব ভালো।"
আমি বললাম: “পানিতে ভাসমান মাছ আর বনের মধ্যে মুক্ত হরিণ দেখতে অনেক সুন্দর লাগে।"
এই বলেই মনেমনে ভাবলাম— "আমার তো মাছ আর হরিণের মাংস খেতে একটুও ভালো লাগে না।"
একদল রুপোলি পর্দাওয়ালা আমাকে বললো: "তুমি কি উদ্বেলিত?"
আমি বললাম: "মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন, ভালো থাকতে কেবল-ই ভালোবাসাই প্রয়োজন।"
এই বলেই মনেমনে ভাবলাম— "নিজেকে অন্যদের চেয়ে ছোট ভাবতে আমার তো একটুও ভালো লাগে না।"
তারপর আমি একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে শ্রান্ত হয়ে ঘুমিয়ে যাই আর জেগে উঠি এক নিষিদ্ধ জ্যোৎস্নায়।
আমি দেখি— পুকুরের মাছ, বনের হরিণ, কিংবা সুমিষ্ট আঙুর নয়; আমার ভালো লাগে সাপ, হিংস্র প্রাণী, মদ! সংসারের আলিঙ্গনে আবদ্ধ রমনি কিংবা স্বাভাবিক কোন নারীর প্রেম আমার ভালো লাগে না। আমার ভালো লাগে পুরুষ ও নারীর চিরায়ত যৌন স্বাধীনতার নিরিখে প্রকল্পিত প্রেমে ধাবমান সভ্যতার ঊর্ধ্বগমন। ভালো লাগে আট রঙা পতাকাবাহী মরিচিকাময় জীবন।
আমি দুই চোখ বন্ধ করে দেখি— পৃথিবীর কোথাও একটুও আলো নেই। তারপর নিজেকে পরখ করে অপূর্ণতার আক্ষেপে চিৎকার করে বলি: "আমি ভালো নেই। আমি ভালো নেই।"
এই বলেই মনেমনে ভাবলাম— "আমার মতো আরো অনেকেই বোধহয় ভালো নেই। তবে চোখ মেলে তাকালে তো অনেক বেশি ভালো থাকা যায়।"
পৃথিবীর মানুষকে আমি বললাম: "আমি উদ্বেলিত! আমরা, আমাদের প্রকৃতি, আর আমাদের ভালো লাগা— এই তিন একই সূত্রে গাঁথা।"
তারপর একদল লোক আমাকে পরিচয় করিয়ে দেয় ঈশ্বর এবং ঈশ্বরের বাণীর সাথে। একদল আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে: "এই আলো মানুষের চোখের জন্য ক্ষতিকর! চোখ বন্ধ রাখো। এগুলো সবই উপাখ্যান। মানসিক বিশৃঙ্খলা থেকে উৎপন্ন হয় এইসব উপাখ্যান।"
আমি তাদের বুঝিয়ে বলি সমস্যা এবং সমাধান। আমি আরো বলি: "ভালো থাকতে নিজের ভালো লাগাকে সবসময় প্রাধান্য দিতে হয়।”
তারপর পৃথিবীর মানুষ আমার পক্ষে এবং বিপক্ষে হয়ে পড়ে আমার-ই মতো উদ্বেলিত।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।