বুকটা বড় ফাঁকা ফাঁকা,
পাহাড় সমান কষ্ট চাপা।
একটুখানি সুযোগ পেলে
লজ্জা ভুলে ভীষণ রকম কান্না পাবে।
কোন একটি হৃদয় নেই—যে আমাকে বাতাস দেবে।
প্রবল দুঃখের ঘূর্ণিপাকে
যখন কষ্টরা সব জমতে থাকে,
জীবন ঘিরে হতাশারা
বেহিসেবী স্বপ্ন ভাঙে,
তখন একটুখানি সময় দিয়ে,
আগলে রাখা মায়া দিয়ে,
মনের টানে একটুখানি দরদ মাখা খবর নিয়ে—
"দোয়া রইলো, তোমার পাশে আমি আছি"
এমন বলার কেউ যে নেই।
আমার কোন নিজের করে ভালবাসার মানুষ নেই।
এই যে আমি সুস্থ সবল,
হাসিখুশি,
চলা-ফেরায় পরিপাটি,
সবার সাথে হাস্যরসিক,
ভাব প্রদানে প্রেমের কোনো ঘাটতি নেই—
তারপরেও যখন আমি একলা বাঁচি,
সবার থেকে চোখ সরিয়ে কেবল শুধু নিজেকে দেখি,
বুঝতে পারি—
আমার কোনো ছায়া নেই
যাকে আমি একলা আমার ভাবতে পারি।
যখন আমি ভীষণ হতাশ,
বাড়ে কেবল দীর্ঘশ্বাস,
কিছু কথা শোনার মতো,
কিছু শব্দ বোঝার মতো
নিরাপদ এক মানুষ খুঁজি—
তখন বুঝি, কেউ বলেনি—“আমি আছি।”
কেউ বলেনি—“দুঃখ কীসের!
আজাইরা সব গল্প বলো,
দ্বিধাহীন সব খুলে বলো,
একলা তুমি আমার প্রিয়।
হতাশা তোমার—স্বপ্ন আমার,
আমি ভীষণ আশাবাদী।”
কেউ বলেনি—
"ক্লান্তি পেলে এদিকে এসো,
আর না হলে আমায় ডেকো
প্রথম থেকে শেষ অবধি।"
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।