মিথ্যা তুমি

মিথ্যা তুমি

- কাজী মুয়িদ

চারিদিকে শুধু মিথ্যা আজ
ঝাঁঝালো তার গন্ধ,
এত মিথ্যার মাঝে আমার
হয়ে যায় দমবন্ধ।

মিথ্যা এই দিনগুলো মিথ্যা ঐ রাত,
মিথ্যা সেই অন্যায়গুলো মিথ্যা প্রতিবাদ।
মিথ্যা ছিল গন্ধ তোমার মিথ্যা ঐ মায়া,
মিথ্যা আমি হয়েছি নিজে মিথ্যা নিজের ছায়া;
মিথ্যা এই অন্ধকার সব মিথ্যা ঐ আলো,
মিথ্যা ঐ কথাটা, তুমি ছিলে খুব ভালো।
মিথ্যা সেই স্বপ্নগুলো মিথ্যা এই ছন্দ,
মিথ্যা ছিল প্রাণ ভরে নেওয়া তোমার গায়ের গন্ধ!

চারিদিকে এত মিথ্যা আজ
ভাঙছে মানুষের হৃদয়,
এত মিথ্যা মাঝে আমার
ভীষণ কষ্ট হয়।

মিথ্যা সেই হাতে হাত মিথ্যা সেই প্রতিশ্রুতি,
মিথ্যা সেই জড়িয়ে ধরা মিথ্যা সেই অনুভূতি।
মিথ্যা সেই মুখ ফুলানো মিথ্যা লাল চোখ,
মিথ্যা ছিল আবেগগুলো মিথ্যা অভিযোগ;
মিথ্যা সেই রাগ খুব মিথ্যা সেই অভিমান,
মিথ্যা সেই বায়না গুলো চাঁদে যাওয়ার অভিযান।
মিথ্যা সেই কান্না গুলো মিথ্যা ছিল হাসি,
মিথ্যা সেই কথাগুলো, তোমায় ভালোবাসি।

চারিদিকে শত মিথ্যা আজ
নষ্ট সকল সুখ,
এত মিথ্যার মাঝে আমার
লাগছে ভারি দুখ।

মিথ্যা এই রং তুলি মিথ্যা এই ছবি,
মিথ্যা এই কবিতাগুলি মিথ্যা এই কবি।
মিথ্যা সেই তুমি ওগো মিথ্যা তোমার দেখা,
মিথ্যা এই আমি আর মিথ্যা আমার লেখা।
মিথ্যা এই কলম এবং মিথ্যা এই পাতা,
মিথ্যা সেই অনুভূতিহীন আবেগ-মমতা।
মিথ্যা সেই রাজার রাজ্য মিথ্যা তার রাজ,
মিথ্যা তার শহরগুলো ধ্বংস তার সমাজ।


চারিদিকে কত মিথ্যা আজ
বিশ্রী তার ভাষা,
এত মিথ্যার মাঝে আমার
ভেঙেছে সব আশা!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।