কি-বোর্ডের ভুল বাটনে ক্লিক করতেই
হার্ডডিস্কের বন্দিশালা অতিক্রম করে
মনিটরে ভেসে ওঠে গ্রীক দেবি আফ্রোদিতি
মিশরীয় প্রাচীন সভ্যতা ঠোঁটে মেখে
মুচকি হেসে বলে –
ভালোবাসা এখন লাইফ সাপোর্টে
আগের মতো প্রেমের উত্তাল স্রোতে
তরুন তরুনীরা ভাসায় না শরীর
রবোটিক আচরণে মানুষ দিন দিন হয়ে যাচ্ছে যান্ত্রিক
আধুনিকতার ঘূর্ণায়মান চাকায় পৃষ্ঠ প্রাচীন সভ্যতা
সখিনা চুলের খোঁপায় কদম ফুল গুঁজতে গুঁজতে বলে–
ঐতো কম্পিউটার দেখছেন না?
মানুষের মস্তিষ্কের আদলে তৈরি করা হয়েছে সফটওয়্যার
আদতে শালারা নকল বাজ
হোয়াটসঅ্যাপের ভিডিও কল
ফেসবুকের চ্যাটিং
স্কাইফিতে প্রেমালাপ
টেলিগ্রামের কথপোকথন
নেটের বাফারিংয়ে বিরক্তিকর উত্তেজনা
আচ্ছা আপনারাই বলুনতো,
ওসবে কি মন ভরে?
পাশাপাশি বসে,পা বিছিয়ে, গায়ে গা এলিয়ে,
মনের মানুষের সাথে কথা বলা
আর ইমেইলের শান্তনা বাক্যবিনিময়, কি এক হলো?
যতোসব বিরক্তিকর হাড্ডিসার কঙ্কালের সাথে ঘরবসতি
যে চোখ দেখেছে ভরা জোছনার উপচে পড়া যৌবন
যে নাক শুঁকেছে কাঁঠালি চাপার মৌ মৌ ঘ্রাণ
গভীর রাতে আকাশের বুক পকেট থেকে খসে পড়া তারকার শরীর
যে ঠোঁট করেছে স্পর্শ
যে কান শুনেছে পরিবর্তনের স্লোগান
তাঁকে শাস্তির ভয় দেখিয়ে লাভ নেই
প্রচলিত আইন ভেঙে চোখের চিলে কোঠায়
সে একদিন গড়বেই মানবিক পৃথিবী
আধুনিক সমাজ।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।