হেমন্ত - (রেজাউদ্দিন স্টালিন)

হেমন্ত - (রেজাউদ্দিন স্টালিন)

- রেজাউদ্দিন স্টালিন

হেমন্তে ঐ আকাশে নেই চাঁদ,
দাঁড়িয়ে আছে ধূমকেতু জল্লাদ।
একটা দুটো তারার ছায়া আছে,
সূর্য গেছে কাকতাড়ুয়ার কাছে।

গাছের মুখ শীর্ণ এবং কালো,
ইঁদুর পেঁচা দেখতে তবু ভালো।
পার্কে পথে নিরব কিছু ঘাস,
পায়ের নিচে পিষ্ট ক্রীতদাস।

নদীর পরে স্রোতেরা চুপচাপ,
ঢেউরা যেনো চন্দ্রবোড়া সাপ।
মাছের কিছু ক্ষুধার্ত ভাইবোন,
এনজিওতে নিচ্ছে সুদে লোন।

হেমন্তে ঐ শূন্য মাঠের পরে,
ধূসর নাড়া আগুন খেয়ে মরে।
শহর থেকে হলুদ কিছু কাক,
খুঁজছে গাঁয়ে বিষন্ন মৌচাক।

হেমন্ত কি শীতের কথা শোনে,
জানতে চায় পেঁচারা সেলফোনে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।