শিরোনামহীন

শিরোনামহীন

- সৈয়দ রনো

চারপাশে স্বার্থের চাষাবাদ
বেখেয়ালি মানুষের বেলেল্লাপনায়
পতিত জমির জঠর ছিঁড়ে গজিয়ে উঠে আমিত্বের চারা
বোবাকালা রাতের পেট থেকে ফিনকি দিয়ে
বেরিয়ে আসে আলোর মিছিল
আলো আঁধারের প্রক্ষেপণে
নিজেকে বড় বেশি অসহায় লাগে
ভাবি বসে ভাবি নীলাদ্র প্রহরে ভাবি

হীনমন্যতার দেয়াল ঘেঁষে আমার আমিত্বে
খেলা করে গারদভাঙ্গা কয়েদি
তাইতো লাজুক চোখে দেখেও দেখি না প্রস্ফুটিত ভোর
ধবল জোছনার গায়ে স্বপ্নের জাল
বুনতে বুনতে দিনের ক্লান্তিতে
পারদহীন সচ্ছ আয়না দেখি
ফেলে আশা শৈশব
বাতাসে ভাসমান কোজাগরী মন
চাঁদের বুক এফোঁড় ওফোঁড় করে
ঝুলে থাকা হাতের লাটিম

জঙধরা লোহার মতো
ভুতা বিবেকের শরীরে জমেছে ধুলোবালির প্রলেপ
হতাশার কানাগলিতে রাস্তা হারিয়ে তিক্তবিরক্ত আমি
ছলনাময়ী এক নারীর দেহের অগ্নিশিখায় নিজেকে পোড়াই
ঝলসে যাওয়া দেহতো নয় যেনো অগ্নিপিণ্ড
কপালপোড়া অভিজ্ঞতার ঝুলিতে অগাত্যা পুঁশি ইঁদুর বিড়াল
কাগজের টুকরো ভেবে প্রতিদিন আমার ব্রেনের টিস্যু
টুকরো টুকরো করে
১০৮ টি ন্যাংটো ইঁদুর
আমি জানি
ছলনাময়ী সেই নারীও জানে
এভাবেই একদিন মৃত্যু হবে আমার
নিশ্চুপ সময়ের করিডোর পেরিয়ে
নিজের শরীরে চিমটি কেটে দেখি
না এখনো আমি বেঁচে আছি।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।